হবিগঞ্জে গ্রামবাসীর হামলায় ম্যাজিস্ট্রেট ও পুলিশ আহত
জমির দখল বুঝিয়ে দিতে গিয়ে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে গতকাল সোমবার বিক্ষুব্ধ গ্রামবাসীর হামলায় একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে শ্রীপুর মৌজার ২৭ ও ৫৩০/১৩৮ দাগের ৮ দশমিক ৫৩ একর জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্য হবিগঞ্জের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম মাহমুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জমির দাবিদার জাকিয়া পারভীন নামে এক নারীকে নিয়ে উচাইল গ্রামে যায়। গ্রামবাসী এ খবর পেয়ে আগে থেকেই লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন। তাঁরা সড়কে গাছ ফেলে অবরোধ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ভূমির দাবিদার জাকিয়া পারভীনের ওপর চড়াও হন। এতে ম্যাজিস্ট্রেট, দুই পুলিশ এবং ওই নারী আহত হন। এ সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। এতে ১৫-১৬ জন গ্রামবাসী আহত হন।আহত ম্যাজিস্ট্রেট এম এম মাহমুদুর রহমান, হবিগঞ্জ থানার এসআই মামুন, এএসআই নূরে আলম হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত জাকিয়া পারভীন (৫৩) ওই হাসপাতালে চিকিৎসাধীন। আহত গ্রামবাসীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গ্রামবাসীর অভিযোগ, ওই মৌজায় মোট ৪০ একর জমি রয়েছে। ওই জমিতে মাদ্রাসা, ঈদগাহ, খেলার মাঠ ও শ্মশানঘাট রয়েছে। জাকিয়া পারভীন ভুয়া দলিলের মাধ্যমে ৮ দশমিক ৫৩ শতক জমি দখলের পাঁয়তারা করছেন। ওই জমিতে জাকিয়া পারভীনের দখল না থাকা সত্ত্বেও সরকারি দলের কেন্দ্রীয় ও স্থানীয় কয়েকজন নেতার প্রভাবে প্রশাসনের কয়েকজন অসাধু কর্মকর্তা ওই ভূমির নামজারির আদেশ দেন। গ্রামবাসী বলেন, শেষ রক্তবিন্দু দিয়েও তাঁরা ওই জমি রক্ষা করবেন। এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন জাকিয়া পারভীন বলেন, বাবুল চন্দ্র চৌধুরী নামের এক ব্যক্তির কাছ থেকে ২০০৬ সালে তিনি ওই জমি কিনেছেন।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ম্যাজিস্ট্রেট ও পুলিশের দুই সদস্যের আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পুলিশ মামলা করবে।