সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি মিজানুর রহমান মিজান ওরফে মিঠুকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য জেলার মুখ্য বিচারিক হাকিম শামসুল ইসলাম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার ওই আদালতে মিঠুকে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত পর দিন (বুধবার) রিমান্ডের আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন। গত রোববার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা মিঠুকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তাঁর বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করেন। মিঠুর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। কিবরিয়া হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, মুফতি হান্নান, আবুল জাদ্দাল, মহিবুর রহমান ওরফে অভি, বদরুল এনাম মিজান, শরীফ সাহেদুল আলম ওরফে বিপুল, হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ ওরফে লিমু। বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত চলছে।