হবিগঞ্জে চার গ্রাম, রাবার বাগান ও জমি হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইন লঙ্ঘন করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সুতাং নদী থেকে বালু উত্তোলন করায় চারটি গ্রাম, একটি রাবার বাগান ও কৃষিজমি হুমকিতে পড়েছে।এ ব্যাপারে চান্দপুর চা-বাগান কর্তৃপক্ষ ও এলাকাবাসী প্রশাসনকে লিখিত অভিযোগ করেছেন। চুনারুঘাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের বালু তোলার সঙ্গে জড়িত থাকায় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেন।জানা যায়, মাস তিনেক আগে চুনারুঘাট উপজেলার সুতাং নদীর মারুরার চর থেকে কাজীসিরি পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকা বালুমহালের জন্য এক বছরের জন্য ৭৫ লাখ টাকায় ইজারা নিয়েছেন এলাকার জিতু মিয়া নামের এক ব্যক্তি।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সুতাং নদীর দক্ষিণে ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেডের চান্দপুর চা-বাগান। এর পাশে রয়েছে তাদের রাবার বাগান। নদীর পূর্বে দেওরগাছ, উত্তরে বনগাঁও ও পশ্চিমে আবাদ ও নোয়াগাঁও। এ চারটি গ্রামে প্রায় ১২ হাজার লোকের বাস। ইজারাদার যেনতেনভাবে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে বালু তোলায় নদীর পাড় ভেঙে পড়ছে। স্থানে স্থানে বড় গর্ত সৃষ্টি হয়েছে। পাশাপাশি নদীর লাগোয়া চান্দপুর রাবার বাগান নষ্ট হওয়ার পথে। বাগানে বালু রাখায় বছর দুই আগে লাগানো রাবারগাছগুলো আর বাড়ছে না।নোয়াবাদ গ্রামের বাসিন্দা আবদুল মালেক বলেন, ‘আমরা এলাকাবাসী পঞ্চায়েত ডেকে ইজারাদারকে বারণ করে দিয়েছি যেনতেনভাবে বালু উত্তোলন না করার জন্য। আমাদের নিষেধ তাঁরা মানছে না। বরং মানুষকে মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করার ভয় দেখাচ্ছেন তাঁরা।’ দেওরগাছ গ্রামের তাজুল ইসলাম বলেন, নীতিমালা অনুযায়ী নদীর পাড় থেকে ৩০০ ফুট দূর থেকে বেলচা দিয়ে বালু উত্তোলনের কথা। অথচ তাঁরা নদীর পাড়ে মেশিন বসিয়ে বালু তুলছেন। এর প্রভাব এলাকার কৃষিজমিতে পড়েছে। ধানি জমিতে বালু ছড়িয়ে উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে।চান্দপুর চা-বাগানের ব্যবস্থাপক শামীম হুদা অভিযোগ করেন, প্রভাবশালী ব্যক্তিরা অন্যায়ভাবে চা-বাগানের ভেতর থেকে বালু উত্তোলন করে তাঁদের ৩২ হেক্টরের রাবার বাগান নষ্ট করে দিয়েছেন। তাঁরা নদী থেকে বালু তুলে রাবার বাগানের ভেতর সংরক্ষণ করছেন।এলাকার ফারছু মিয়া বলেন, ‘বালুর ইজারাদার অনেক প্রভাবশালী। তিনি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরকে এ ব্যবসায় অংশীদার করে প্রভাব খাটাচ্ছেন। যে কারণে স্থানীয় প্রশাসন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, ‘এগুলো অপপ্রচার। কারণ, কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি এ বালু ব্যবসার সঙ্গে জড়িত।’ইজারাদার জিতু মিয়া বলেন, ‘চুনারুঘাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরসহ একই দলের আরও ছয়জন তাঁর সঙ্গে অংশীদার হিসেবে রয়েছেন।’ কাগজপত্রে লিখিত কোনো চুক্তি না থাকায় তিনি অপর ছয়জনের নাম বলতে চাননি। তবে তাঁর দাবি, নদীর আশপাশ এলাকায় যে ক্ষতি হয়েছে, তা বালু উত্তোলনের জন্য নয়, গত বন্যার কারণে। প্রশাসনের চুক্তি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, ‘ইজারা দেওয়ার সময় প্রশাসন যে শর্ত দেয়, তা পালন করলে কেউ আর বালুমহাল ইজারা নেবে না।’চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজিবুর রহমান বলেন, ‘প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করা যাবে না। অভিযোগ পেয়ে সহকারী কর্মকর্তাকে (ভূমি) ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রয়োজনে আমি নিজেও যাব এবং ইজারাদারকে সতর্ক করে দেব। যদিও আনুষ্ঠানিকভাবে ইজারাদার জিতু মিয়া, তবে এর পেছনে আরও অনেকেই আছেন।’