হবিগঞ্জে চার শিশু হত্যা: আরজু ও বশির রিমান্ডে
হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় আরজু মিয়া ও বশিরকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সোমবার তাঁদের বিচারিক হাকিম কৌশিক আহমদ খোন্দকারের আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আরজুর সাত দিনের ও বশিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের পাশের একটি ছড়া থেকে গত বুধবার চার শিশুর বালুচাপা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুরা হলো সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)। শুভ, তাজেল ও মনির সম্পর্কে আপন চাচাতো ভাই। ইসমাইল তাদের প্রতিবেশী।
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছেন। এঁরা হলেন আবদুল আলী, তাঁর দুই ছেলে জুয়েল (২০) ও রুবেল (১৮) এবং গ্রামের আরজু ও বশির। তাঁদের মধ্যে আবদুল আলী ও জুয়েল ১০ দিনের রিমান্ডে আছেন। আবদুল আলী গ্রামের বিভক্ত পঞ্চায়েতের এক পক্ষের নেতা।
এর মধ্যে রুবেল ও জুয়েল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রুবেল জানান, চার শিশুকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের ওপর ক্ষোভ ও পঞ্চায়েতের দ্বন্দ্বের কারণে। হত্যায় সরাসরি অংশ নেয় ছয়জন। শিশুদের প্রথমে অচেতন করা হয় এবং পরে শ্বাস রোধ করে হত্যা করা হয়। আর জুয়েল জানান, ছয়জন নয়, হত্যার ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন আটজন। তবে তাঁদের দুজনের বক্তব্যেই আরজু মিয়া সরাসরি জড়িত ছিলেন বলে জানা যায়।