হবিগঞ্জে চারটি চা-বাগানে শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসলি জমিতে তেল শোধনাগার নির্মাণ প্রকল্পের প্রতিবাদে হবিগঞ্জের চারটি চা-বাগানের শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ধর্মঘট পালন করেন। চা-শ্রমিক সংগঠন সূত্রে জানা গেছে, জেলার বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকায় পাঁচ হাজার মেগাওয়াট ক্ষমতার একটি তেল শোধনাগার স্থাপনে সম্প্রতি একটি প্রকল্প গ্রহণ করা হয়। এর প্রতিবাদে গতকাল বেলা একটা থেকে তিনটা পর্যন্ত বাহুবল উপজেলার কামাইছড়া, বালুছড়া ও চুনারুঘাট উপজেলার দারাগাঁও, হাতিমারা—এই চারটি চা-বাগানের শ্রমিকেরা ধর্মঘট পালন করেন। এ সময় কামাইছড়ায় অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক শ নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন। এ সময় বক্তব্য দেন কামাইছড়া চা-বাগান পঞ্চায়েতের সাধারণ সম্পাদক ভোজন রবিদাস, পরেশ সাঁওতাল ও বিশ্বনাথ মিশ্র। তাঁরা বলেন, তেল শোধনাগার স্থাপন করে চা-শ্রমিকদের ফসলি জমি কেড়ে নেওয়া যাবে না। ওই উদ্যোগের প্রতিবাদে গত বুধবারও শ্রমিকেরা আধা বেলা ধর্মঘট পালন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্যাসক্ষেত্রের একজন কর্মকর্তা বলেন, কে বা কারা শ্রমিকদের ভুল বুঝিয়ে এ ধরনের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় বাসিন্দা ও এলাকার কোনো ক্ষতির আশঙ্কা নেই। রশিদপুর গ্যাসক্ষেত্রসংলগ্ন আমতলীতে সম্প্রতি একটি কমপ্রেশার স্টেশন স্থাপনের পর কর্তৃপক্ষ কামাইছড়ার দক্ষিণে দারাগাঁওয়ে ওই তেল শোধনাগার স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে। প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শিগগির শুরু হবে বলে জানা গেছে।