হবিগঞ্জে চাল সংগ্রহ নিয়ে কৃষকের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে বোরো মৌসুমে প্রায় তিন লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়। চলতি মৌসুমে কৃষক ও চাল ব্যবসায়ীদের কাছ থেকে মাত্র সাড়ে তিন হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করছে খাদ্য অফিস। এ নিয়ে জেলার কৃষক ও চাল ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, এই জেলার কৃষকদের বঞ্চিত করে দেশের অন্যান্য স্থান থেকে অতিরিক্ত মূল্য ও যাতায়াত খরচ বেশি দিয়ে নিম্নমানের চাল মজুদ করা হচ্ছে। এ কারণে এই অঞ্চলের কৃষকেরা খাদ্যশস্য উৎপাদনে উৎসাহ হারাচ্ছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, জেলায় বোরো মৌসুমে প্রায় তিন লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়। এই চালকে ঘিরে জেলা সদরে রয়েছে অত্যাধুনিক ২৮টি চালকল। এই কলগুলো থেকে প্রতি মাসে পাঁচ হাজার মেট্রিক টন চাল উৎপাদিত হয়। সরকার প্রতিবছর বোরো ও আমন মৌসুমে জেলার আটটি উপজেলার ১০টি খাদ্য সংরক্ষণকেন্দ্রে চাল মজুদ রাখে মাত্র সাড়ে ১৩ হাজার মেট্রিক টন। আবার এই চালের মধ্যে স্থানীয়ভাবে সংগ্রহ করা হয় মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টন। এই চাল সংগ্রহ মজুদ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কৃষক ও চাল ব্যবসায়ীরা। তাঁদের দাবি, বোরো অঞ্চল হওয়া সত্ত্বেও এখানকার কৃষক ও চালকল ব্যবসায়ীদের পাশ কাটিয়ে দেশের অন্য অঞ্চল থেকে অতিরিক্ত যাতায়াত খরচ দিয়ে চাল সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সরকারি মজুদের পরিমাণ কম, আবার স্থানীয়ভাবে চাল সংগ্রহ করার ক্ষেত্রেও বড় ধরনের বৈষম্য করা হচ্ছে। এতে কৃষকেরা তাঁদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি খাদ্যশস্য উৎপাদনেও উৎসাহ হারাচ্ছেন। হবিগঞ্জের বানিয়াচংয়ের বিথঙ্গল গ্রামের কৃষক রফিক মিয়া বলেন, এই অঞ্চলে বিপুল পরিমাণ বোরো ফলন হলেও কৃষকেরা এর সঠিক মূল্য পান না। কারণ, সরকার এই জেলার কৃষকদের পাশ কাটিয়ে অন্য জেলা থেকে চাল সংগ্রহ করে। চাল ব্যবসায়ী রহমত আলী বলেন, হবিগঞ্জে সরকার যে পরিমাণ চাল মজুদ রাখে, তা দ্বিগুণ করা উচিত। পাশাপাশি এই মজুদের পুরো চাল স্থানীয়ভাবে ক্রয় করা হলে কৃষকেরা সঠিক দাম পেতেন। মেসার্স সুরমা অটোমেটিক ড্রায়ার রাইস মিলের মালিক মিজানুর রহমান বলেন, সরকার স্থানীয়ভাবে চাল সংগ্রহ না করায় এখানকার ব্যবসায়ী ও কৃষকেরা হতাশ। জনতা অটো মিলের মালিক আবদুর রহমান বলেন, ‘আমরা কোটি কোটি টাকা ব্যয়ে আধুনিক অটো মিল বসিয়েছি। কিন্তু সরকার অদৃশ্য কারণে অন্য অঞ্চল থেকে বেশি মূল্যে চাল ক্রয় করছে।’ জেলা খাদ্যনিয়ন্ত্রক মহিবুল হক জানান, এই জেলায় প্রতিবছর প্রায় তিন লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়ে থাকে। পর্যাপ্ত খাদ্য সংরক্ষণকেন্দ্র না থাকায় তাঁরা মাত্র সাড়ে ১৩ হাজার মেট্রিক টন মজুদ রাখেন। তাঁর মতে, এই সংরক্ষণের পরিমাণ দ্বিগুণ করা হলে কিছুটা সমস্যা দূর হতো। স্থানীয়ভাবে এই চাল না নিয়ে বাইরে থেকে সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত সদর দপ্তরের।