হবিগঞ্জে চালকলগুলোতে উৎপাদন প্রায় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতাল-অবরোধের কারণে হবিগঞ্জের ৪৯টি স্বয়ংক্রিয় চালকলে চাল উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক সময়ে এই কলগুলোতে প্রতিদিন ৯০০ মেট্রিক টন চাল উৎপাদিত হতো। এখন নেমে এসেছে ১০০ মেট্রিক টনে। অনেক কলে উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।
জেলা চালকল মালিক সমিতি জানায়, বর্তমান পরিস্থিতিতে তাদের প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে আড়াই কোটি টাকা। চালকলের মালিকেরা জানান, জেলার আটটি উপজেলায় ৪৯টি চালকল রয়েছে। জেলা সদরে রয়েছে ৩২টি। অবরোধের আগে জেলার কলগুলোতে প্রতিদিন প্রায় ৯০০ মেট্রিক টন চাল উৎপাদন হতো। অর্ধশত ট্রাকে করে এই চাল বৃহত্তর সিলেট, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে সরবরাহ করা হতো।
ব্যবসায়ীরা জানান, লাগাতার অবরোধের কারণে চাল সরবরাহ করা যাচ্ছে না। এ কারণে সব কটি চালকলে উৎপাদন প্রায় বন্ধ রয়েছে। পাশাপাশি এর সঙ্গে জড়িত শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন। এ কারণে জেলায় ধানের দামও কমে গেছে। অবরোধের আগে জেলায় ধানের দাম ছিল মণপ্রতি ৮৪০ থেকে ৮৫০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।
সুরমা চালকলের মালিক মো. মিজানুর রহমান বলেন, তাঁর চালকলে প্রতিদিন ৪৮ মেট্রিক টন চাল উৎপাদিত হতো। এই চাল তিন-চারটি ট্রাকে করে দেশের নানা স্থানে সরবরাহ করতেন তিনি। এখন চাল সরবরাহ করতে না পারায় তাঁর চালকলে উৎপাদন বন্ধ করে দিয়েছেন। একই কথা বলেন উমেদনগর শিল্প এলাকার চালকলের মালিক আতাউর রহমান, আবদুর রহমানসহ আরও কয়েকজন।
হবিগঞ্জ চালকল মালিক সমিতির আহ্বায়ক শংকর পাল বলেন, জেলার সব কটি চালকলে উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে। এ জন্য প্রতিদিন তাঁদের প্রায় আড়াই কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। ধান-চালের বাজারদরেও এর প্রভাব পড়বে।