হবিগঞ্জে চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা জজ আদালতের প্রধান করণিক (নাজির) লাঞ্ছিত হওয়ার ঘটনায় করা মামলায় চিকিৎসক ও ওয়ার্ড বয়সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম আদালতের বিচারক এস এম হুমায়ূন কবির গতকাল মঙ্গলবার এই পরোয়ানা জারি করেন।
ওই চিকিৎসকের নাম গোলাম মহিউদ্দিন। তিনি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে কর্মরত। ওয়ার্ড বয় হাবিবুর রহমান একই হাসপাতালে কাজ করেন।
গতকাল বিকেলে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় প্রধান করণিক ওসমান রেজাউল করিম অভিযোগ করেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন গত সোমবার রাত আটটার দিকে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে শহরের স্টাফ কোয়ার্টারের বাসা থেকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক গোলাম মহিউদ্দিন ও ওয়ার্ড বয় হাবিবুর রহমান চিকিৎসা দিতে বিলম্ব করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা তাঁকে (প্রধান করণিক) লাঞ্ছিত করেন।
প্রধান করণিক ওসমান রেজাউল করিম অভিযোগ করেন, গতকাল সকালে হাসপাতালে গেলে চিকিৎসক মহিউদ্দিন ও ওয়ার্ড বয় হাবিবুরসহ তাঁদের কয়েকজন স্টাফ তাঁকে আবার লাঞ্ছিত করেন।
অভিযোগ প্রসঙ্গে ওয়ার্ড বয় হাবিবুর রহমান বলেন, সোমবার রাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পর বিচারকের সঙ্গের লোকজন অপারেশন থিয়েটারের একটি রুম বরাদ্দ চান। এ সময় চাবি নিয়ে আসতে একটু দেরি হওয়ায় তাঁরা তাঁকে মারধর করেন। এতে তিনি আহত হন। এ ঘটনার পর রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত হাসপাতালের সব কার্যক্রম বন্ধ থাকে।
হবিগঞ্জের সিভিল সার্জন দেবপদ রায় জানান, তাঁরা হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রেখেছেন।