হবিগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩
হবিগঞ্জের বাহুবলে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এক সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ির সদস্য পুলক চক্রবর্ত্তী (২৪), শ্রীমঙ্গল উপজেলা সদরের মো. মনিরুজ্জান (৩৩) ও বাহুবলের বড়গাঁও গ্রামের আকরাম আলী (২৫)। তাঁদের কাছ থেকে পুলিশ ছিনতাই করা ৪২ হাজার টাকাও উদ্ধার করেছে। এ বিষয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদরের ব্যবসায়ী রবিউল ইসলাম গ্রেপ্তার হওয়া তিনজনসহ চারজনের বিরুদ্ধে গত বুধবার রাতে দ্রুত বিচার আইনে বাহুবল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম গত বুধবার দুপুরে শ্রীমঙ্গল থেকে সিএনজিচালিক অটোরিকশায় হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের উদ্দেশে রওনা হন। দেড়টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পাহাড়ি এলাকায় (ঢাকা-সিলেট পুরোনো মহাসড়ক) পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুজন আরোহী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশার গতিরোধ করেন। এর দু্ই-তিন মিনিট পর আর একটি অটোরিকশায় করে আরও দুজন এসে তাঁদের সঙ্গে যুক্ত হন। কিছুক্ষণ পর তাঁরা ব্যবসায়ী রবিউল ইসলামকে একটি চা-বাগানের নির্জন স্থানে নিয়ে মারধর করে ৪২ হাজার টাকা ছিনিয়ে নেন। ছিনতাইকারীদের মধ্যে পুলক চক্রবর্ত্তীকে চিনতে পারেন ব্যবসায়ী রবিউল।
পরে ব্যবসায়ী রবিউল বেলা তিনটায় বাহুবল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানান। রাত আটটার দিকে বাহুবল থানার ওসি মোল্লা মনির হোসেন পুলিশের সদস্য পুলক চক্রবর্ত্তীকে বাহুবল থানায় ডেকে এনে আটক করেন। বাহুবল থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, ছিনতাইকারীদের তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় হওয়া মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিবির জেলা কার্যালয়কে।