হবিগঞ্জে ছয় কোটি টাকার কাজ ভাগবাটোয়ারা!
হবিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের চারটি গ্রুপে প্রায় সাড়ে ছয় কোটি টাকার কাজ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।হবিগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-লাখাই উপজেলা সড়ক প্রশস্ত করতে দুই কোটি টাকা, হবিগঞ্জ-বানিয়াচং উপজেলা সড়ক প্রশস্তকরণে দেড় কোটি টাকা, সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে ৭০০ মিটার প্রতিরক্ষা দেওয়াল নির্মাণে এক কোটি টাকা, শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কে পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণে দুই কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। ৬১ জন ঠিকাদার শিডিউল কেনেন। গত সোমবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।এই দরপত্র ভাগবাটোয়রা করে নিতে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মী গত রোববার রাত ১২টার দিকে হবিগঞ্জ শহরের বগলাবাজার স্বর্ণ-রৌপ্য শিল্প মালিক সমিতির কার্যালয়ের দ্বিতীয় তলায় বৈঠক করেন। সভা সমন্বয় করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন-চারজন নেতা। হবিগঞ্জ স্বর্ণ-রৌপ্য শিল্প মালিক সমিতির সভাপতি সুবোধ বণিক ও সাধারণ সম্পাদক নিদেন দেব তাঁদের কার্যালয়ে সভা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাঁরা সভার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানেন না বলে জানান।ওই গোপন বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের এমন একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ওই কাজের দরপত্র নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল এড়াতে জ্যেষ্ঠ নেতাদের পক্ষ থেকে সমঝোতা করে দেওয়া হয়েছে।নাম প্রকাশ না করার অনুরোধ জাানিয়ে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের একজন ঠিকাদার বলেন, ‘অনেক আশা নিয়ে শিডিউল কিনেও জমা দিতে পারিনি।’হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল বলেন, দরপত্র জমায় বাধা দেওয়া বা সমঝোতার কোনো অভিযোগ তিনি পাননি। বিক্রি করা ৬১টি শিডিউলের মধ্যে ১৭টি জমার বিষয়ে তিনি বলেন, এবার যৌথ মালিকানার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে না। এই সিদ্ধান্তের কথা জেনে অনেকে হয়তো দরপত্র জমা দেননি। নির্বাহী প্রকৌশলী আরও জানান, এখনো কেউ কাজ পায়নি। দরপত্র মূল্যায়ন কমিটির যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে।আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের দরপত্র ভাগবাটোয়ারার বিষয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই। তবে আওয়ামী লীগ স্বচ্ছতায় বিশ্বাসী। দলের প্রভাব খাটিয়ে কেউ এ ধরনের প্রক্রিয়ায় জড়িত হলে তাঁরা নিজ দায়িত্বে জড়িয়েছেন। এর সঙ্গে জেলা আওয়ামী লীগের কোনো সম্পর্ক বা সমর্থন নেই। আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কাজের বিরুদ্ধে।’