হবিগঞ্জে জয়ন্তিকার দুটি বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর ট্রেন জয়ন্তিকার দুটি বগি গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জের শাহজিবাজারের কাছে লাইনচ্যুত হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ওই রেললাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনের মাস্টার সহিদুর রহমান জানান, গতকাল দুপুর ১২টায় আন্তনগর জয়ন্তিকা ঢাকার কমলাপুর স্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি বিকেল পাঁচটা ৫০ মিনিটে হবিগঞ্জের শাহজিবাজার রেলস্টেশনে পৌঁছায়। এ স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে এক কিলোমিটার যাওয়ামাত্র দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে সিলেট থেকে ছেড়ে আসা অপর আন্তনগর ট্রেন পারাবত শায়েস্তাগঞ্জে আটকা পড়ে।সহিদুর রহমান গতকাল রাত সাড়ে আটটায় প্রথম আলোকে জানান, উদ্ধারকাজ চলছে। তবে রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।