হবিগঞ্জে টেম্পোর ভাড়া নিয়ে সংঘর্ষে একজন নিহত
হবিগঞ্জে টেম্পোর ভাড়া দুই টাকা কম দেওয়া নিয়ে আটটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার অলিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।নিহত ব্যক্তির নাম ইউনুছ মিয়া (৫৫)। তাঁর বাড়ি অলিপুর গ্রামে। সংঘর্ষে গুরুতর আহত মুখলেছ মিয়া, লাল মিয়া ও কাদের মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জালাল মিয়া, দুলাল মিয়া, দিহানসহ ১২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে একটি টেম্পো যাত্রী নিয়ে সদরের উচাইল থেকে অলিপুর বাসস্ট্যান্ডে আসে। এ সময় সদরের ব্রাহ্মণডোরা গ্রামের যাত্রী সোহেল মিয়া ছয় টাকা ভাড়া দেন। অলিপুরের টেম্পোচালক নান্নু মিয়া নির্ধারিত আট টাকা ভাড়া চান। এ নিয়ে বাগিবতণ্ডার পর সোহেলের পক্ষে ব্রাহ্মণডোরা ও চালকের পক্ষে অলিপুর গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। পরে ব্রাহ্মণডোরা গ্রামবাসীর পক্ষে পাশের গ্রাম সুচিউড়া, সইলজুরা, কেশবপুর ও কুড়িগলা এবং অলিপুর গ্রামবাসীর পক্ষে পুরাসুন্দা ও সুরাবই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে লোকজন ইটপাটকেল, বল্লমসহ ধারালো অস্ত্রশস্ত্র ব্যবহার করেন। শায়েস্তাগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ইউনুছ মিয়াসহ উভয় পক্ষের অর্ধশত ব্যক্তি আহত হন। হবিগঞ্জ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা ইউনুছকে মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, মাত্র দুই টাকা ভাড়া কম-বেশি দেওয়া নিয়ে আটটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় এখনো কোনো মামলা এবং কেউ আটক হয়নি।