হবিগঞ্জে ট্রাক-টেম্পো মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কে গতকাল সোমবার সন্ধ্যায় ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তোরাব আলী (৩৫) ও জাহাঙ্গীর মিয়াকে (৩০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালী গ্রামের নিবারণ পাল (৪৫) একই গ্রামের সজলু আহমেদ (৪০), হায়দর হোসেন (৩৮)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাতটার সময় শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক ওই সড়কের ভাঙ্গারপুল নামক স্থানে এলে একটি টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জানায়, সংঘর্ষে টেম্পোটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে টেম্পোর পাঁচজন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।