হবিগঞ্জে ট্রাকচাপায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ সোমবার বিকেলে ট্রাকের চাপায় আবদুর রউফ (৫০) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।

আবদুর রউফ দিনারপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি লুগাও গ্রামে দিনারপুরে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ স্কুল ছুটি শেষে আবদুর রউফ বাড়ি ফিরছিলেন। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে একটি দ্রুত গতির ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে দিনারপুর হাইস্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী ঘটনাস্থলে যান। তাঁরা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুপাশে কয়েক শ যানবাহন আটকে পড়ে। সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অবরোধ চলছিল।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ও নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।