হবিগঞ্জে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাটে গতকাল বৃহস্পতিবার ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোড়াগান্দা গ্রামের আল আমিন (২৭), ঝালকাঠির গৌতম কুমার (৩০), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের দুয়ারিছ বেগম (২৭), নড়াইল সদরের বায়েজিদ আলম (৩৫) এবং নড়াইলের মাইজপাড়া উপজেলার সুজিত কুমার (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, উলুকান্দিতে গতকাল সকাল সাতটার দিকে ১৩ জন যাত্রী নিয়ে সিলেটগামী মাইক্রোবাসটির সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। নিহত ব্যক্তিরা ফিউচার আর এফ লিমিটেড নামের একটি কোম্পানির শ্রমিক।