হবিগঞ্জে ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত ২০
সিলেট-আখাউড়া রেল সেকশনের হবিগঞ্জ জেলার লস্করপুর রেলগেটে আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক ধুমড়েমুচড়ে যায়। উল্টে যায় ট্রেনের ইঞ্জিন ও একটি যাত্রীবাহী বগি। এ ঘটনায় ট্রাকের চালকসহ ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন গতকাল সন্ধ্যা সাতটা ৩ মিনিটে শায়েস্তাগঞ্জ জংশন থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করে। লস্করপুর রেলক্রসিংয়ে ট্রেনটি পাথরবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি ছিটকে প্রায় ২৫ গজ দূরে গিয়ে পড়ে। উল্টে যায় ট্রেনের ইঞ্জিন ও যাত্রীবাহী একটি বগি। এতে ট্রাকের চালক ও ট্রেনের প্রায় ১৯ জন যাত্রী আহত হয়। ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ও সিলেট-আখাউড়া সেকশনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলের উভয় পাশের সড়কে কয়েক শ যানবাহন আটকা পড়ে। দুর্ঘটনাকবলিত ট্রেনের অনেক যাত্রী বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রাত সাড়ে আটটায় ঘটনাস্থলে পৌঁছায়। শায়েস্তাগঞ্জ স্টেশনমাস্টার কাজী শহিদুল হক জানান, রাত নয়টার পর এ পথে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।