হবিগঞ্জে ট্রেনের টিকিট কমেছে, বেড়েছে যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথের সবগুলো আন্তনগর ট্রেনে হবিগঞ্জ থেকে যাতায়াতের জন্য টিকিটের চাহিদা বাড়লেও রেলওয়ে কর্তৃপক্ষ আসন সংখ্যা কমিয়ে দিয়েছে।
আগে হবিগঞ্জের যাত্রীদের জন্য ছয়টি আন্তনগর ট্রেনে টিকিটের কোটা ছিল ৪৪০টি। ৫ জানুয়ারি থেকে তা কমিয়ে আনা হয়েছে ২১৪টিতে। একসঙ্গে ২২৬টি আসন কমানোর কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম পথে প্রতিদিন ছয়টি আন্তনগর ট্রেন হবিগঞ্জের ওপর দিয়ে চলাচল করে। এ জেলার মানুষ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন থেকে যাতায়াত করেন। ওই ছয়টি ট্রেনে হবিগঞ্জ জেলার যাত্রীদের জন্য আসন বরাদ্দ ছিল ৪৪০টি। রেলওয়ে কর্তৃপক্ষ ৫ জানুয়ারি থেকে তা ২২৬টিতে নামিয়ে এনেছে।
জয়ন্তিকা এক্সপ্রেসে হবিগঞ্জের যাত্রীদের জন্য বরাদ্দ আসন সংখ্যা ৮৫ থেকে কমিয়ে ৪১টি করা হয়েছে। একইভাবে কালনী এক্সপ্রেসে আসন সংখ্যা ১০০টির স্থলে ৫০টি, উপবনে ৬৫টির স্থলে ২৭টি, পারাবতে ৭৫টির স্থলে ৩০টি, উদয়নে ৬৭টির স্থলে ৩৮টি ও পাহাড়িকা এক্সপ্রেসে আসন সংখ্যা ৪৮ থেকে কমিয়ে ২৮টি করা হয়েছে।
এভাবে আসন কমানোর কারণে ট্রেনের যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছেন। প্রতিদিন টিকিট না পাওয়া লোকজনের সঙ্গে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে রেলওয়ের কর্মীদের কথা-কাটাকাটি হচ্ছে।
সোমবার কালনী ট্রেনে ঢাকায় যেতে হবিগঞ্জ শহরের বাসিন্দা ও বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র পারভেজ আলম বৃহস্পতিবার টিকিট কাটতে যান শায়েস্তাগঞ্জ জংশনে। তিনি গিয়ে জানতে পারেন, কোনো টিকিট নেই। যাত্রার চার-পাচঁ দিন আগে এসেও টিকিট না পাওয়ায় ক্ষিপ্ত পারভেজ দেনদরবার শুরু করেন টিকিট কাউন্টারে। সাইদুর রহমান, আশিষ কুমারসহ বেশ কয়েকজন যাত্রী জানান, তাঁরা এক সপ্তাহ আগে বা এর কমবেশি সময় নিয়ে এসেও টিকিট পাননি।
চাকরিজীবী ইকবাল চৌধুরী বলেন, যখন হবিগঞ্জের কোটায় ৪৪০টি টিকিট ছিল, তখনো নিয়মিত টিকিট পাওয়া যায়নি। এখন তো অর্ধেকের চেয়েও বেশি টিকিট কমিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, ঢাকা কার্যালয়ের সিদ্ধান্তে ৫ জানুয়ারি থেকে টিকিটের কোটা কমানো হয়েছে। তিনি বলেন, এ ছয়টি ট্রেনে হবিগঞ্জের যাত্রীদের জন্য প্রতিদিন অন্তত ৮০০ টিকিট প্রয়োজন। এখানে ২১৪টি টিকিট দিয়ে চাহিদা পূরণ করা যাচ্ছে না। তিনি আরও জানান, স্থানীয় সাংসদ হবিগঞ্জের যাত্রীদের জন্য আগের বরাদ্দ টিকিট সংখ্যা (৪৪০টি) বহাল রাখার জন্য মন্ত্রণালয়ে ডিও লেটার (আধা সরকারি পত্র) পাঠিয়েছেন।