হবিগঞ্জে ডিবি পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর গ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে নুরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় আদালতে হত্যা মামলা হয়েছে। নিহত নুরুলের স্ত্রী জরিনা খাতুন গতকাল বৃহস্পতিবার পুলিশের চার সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে এই মামলা করেন।মামলার আসামিরা হলেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার উপপরির্দশক (এসআই) বেলায়েত হোসেন, কনস্টেবল জাহিদ হোসেন, মাহফুজুর রহমান, আনিছুর রহমান এবং মাধবপুরের মহনপুর এলাকার বাসিন্দা আতাউর রহমান ও শাহিন মিয়া।আদালত সূত্র জানায়, জরিনা খাতুন গতকাল বিচারিক হাকিম রাজিব কুমার বিশ্বাসের আদালতে মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। মামলার আরজিতে বলা হয়, মাদক ব্যবসায়ী আতাউর রহমান ও শাহিন মিয়া ডিবি পুলিশের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকসহ ভারতীয় বিভিন্ন পণ্যের ব্যবসা করছেন। তাঁরা নিহত নুরুল ইসলামের বাড়ির উঠান দিয়ে পণ্য আনা-নেওয়া করতেন। নুরুল নিহত হওয়ার আগের দিন আতাউর ও শাহিন সহযোগীদের নিয়ে বাড়ির উঠান দিয়ে ভারতীয় শাড়ি নিয়ে যাচ্ছিলেন। নুরুলের ছেলে জেবু মিয়া এতে বাধা দিলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গত ২৯ আগস্ট রাত ১২টার দিকে সাদা পোশাকের চারজন গোয়েন্দা পুলিশ নুরুলের বাড়িতে গিয়ে তাঁর ছেলে জেবুকে ঘর থেকে বের করে মারধর করতে থাকেন। পরে জেবুকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে নুরুলসহ বাড়ির লোকজন এর প্রতিবাদ জানান। একপর্যায়ে এসআই বেলায়েতের নির্দেশে কনস্টেবল জাহিদ হোসেন গুলি ছুড়লে নুরুল গুলিবিদ্ধ হন। হাসপতালে নেওয়ার পথে তিনি মারা যান। যোগাযোগ করা হলে মাধবপুর থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, তিনি মামলার কথা শুনেছেন। আদালতের কাগজপত্র হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।