হবিগঞ্জে তিন বীরাঙ্গনাকে গাভি উপহার
হবিগঞ্জের তিন বীরাঙ্গনাকে গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী সংগঠন ‘চেষ্টা’-এর পক্ষ থেকে তিনটি গাভি উপহার দেওয়া হয়েছে। তাঁরা হলেন হিরামনি, রেজিয়া বেগম ও সাবিত্রি নায়েক। স্থানীয় এম এ রব পাঠাগার মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁদের হাতে গাভিগুলো তুলে দেওয়া হয়।হবিগঞ্জের মুক্তিযোদ্ধাভিত্তিক সংগঠন ‘চেতনা একাত্তর’ তাঁদের জন্য আর্থিক সহায়তা চেয়ে চেষ্টার কাছে আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সংগঠনের পক্ষ থেকে তাঁদের প্রত্যেককে একটি করে গাভি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেষ্টার সভাপতি শেলীনা বেগম। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল ওয়াদুদ। সভায় বক্তারা বলেন, অসহায় নারীদের, বিশেষ করে বীরাঙ্গনাদের আর্থিক সহায়তায় কেউ এগিয়ে আসে না। যে দলই ক্ষমতায় আসে, তারা রাজনৈতিক বিবেচনায় সাহায্য-সহায়তা দিয়ে থাকে। এ কারণে প্রকৃত অসহায় মানুষ সহায়তা পায় না। সভায় স্বাধীনতার ৪২ বছর পরও দেশের বীরাঙ্গনাদের তালিকা তৈরি না করায় দুঃখ প্রকাশ করা হয়। সভায় চেষ্টার সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন, আইনজীবী সৈয়দ আফরোজ বখত, জেলা আইনজীবী সমিতির সভাপতি আফতাব উদ্দিন, চেতনা একাত্তরের সদস্যসচিব কেয়া চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। গাভি পেয়ে হিরামনি বলেন, তিনি বেশ খুশি। গাভির দুধ বিক্রি করে তিনি আর্থিক সংকট কাটিয়ে উঠবেন।