হবিগঞ্জে তিন ভাইয়ের মামলার রায় কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জের দুই সহোদর মহিবুর রহমান (৬৫) ও মজিবুর রহমান (৬০) এবং তাঁদের চাচাতো ভাই আবদুর রাজ্জাকের (৬৩) বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল বুধবার ঘোষণা করা হবে।

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এ তারিখ ধার্য করেন।

এর আগে ১১ মে ট্রাইব্যুনাল রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন।

গত বছরের ২৯ সেপ্টেম্বর এই তিন আসামির বিরুদ্ধে চারটি অভিযোগ গঠন করার মধ্য দিয়ে বিচার শুরু হয়। ২১ অক্টোবর থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১২ জন। আসামিপক্ষে সাক্ষ্য দেন সাতজন। সাক্ষ্যগ্রহণ শেষে ১০ মে থেকে দুই পক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়।

রাষ্ট্রপক্ষ জানায়, আসামিদের মধ্যে মহিবুর রহমান ওরফে বড় মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। তাঁর ভাই মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে গত বছরের ১০ ফেব্রুয়ারি এই দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। আর রাজ্জাক গ্রেপ্তার হন গত বছরের ১৯ মে।

চার অভিযোগ: মহিবুর, মজিবুর ও রাজ্জাকের বিরুদ্ধে প্রথম অভিযোগ, একাত্তরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অভিযান চালিয়ে তাঁরা মুক্তিযোদ্ধা আকল আলী ও রজব আলীকে হত্যা করে লাশ গুম করেন। দ্বিতীয় অভিযোগ, আসামিদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা মুক্তিযুদ্ধের সংগঠক মেজর জেনারেল এম এ রবের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুণ্ঠন চালান। তৃতীয় অভিযোগে বলা হয়েছে, খাগাউড়া এলাকার উত্তরপাড়ায় আসামিদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা দুই নারীকে ধর্ষণ করেন। চতুর্থ অভিযোগ, আনছার আলী নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে নিয়ে রাজাকার ক্যাম্পে আটক রেখে নির্যাতন চালান আসামিরা। ওই নির্যাতনে পঙ্গু হন আনছার।