হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জ শহরে ছাত্রলীগের দুই নেতার ঝগড়ার সূত্র ধরে গত রোববার মধ্যরাতে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সংঘর্ষ থামাতে গিয়ে শতাধিক কাঁদানেগ্যাসের শেল ও রাবার বুলেট ব্যবহার করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা হবিগঞ্জ পৌরসভার পৌর কর বৃদ্ধির প্রতিবাদে শহরে একটি মিছিল বের করেন। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানির সঙ্গে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুফতির কথা-কাটাকাটি হয়। এর সূত্র ধরে সন্ধ্যায় এক দফা মারামারি হয়। এ নিয়ে রাত ১০টায় আবার সংঘর্ষ শুরু হয়।এ সময় সানির পক্ষ নেয় হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার লোকজন এবং মুফতির পক্ষ নেয় শহরতলির রিচি গ্রামের লোকজন। এ সংঘর্ষের সময় শহরের চৌধুরীবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। চলে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা স্থায়ী এই সংঘর্ষে উভয় পক্ষকে ইটপাটকেল, লাঠিসোঁটা, এমনকি বন্দুক ব্যবহার করতেও দেখা যায়। খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ ও সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানেগ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় দুই ঘণ্টার পর রাত ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এ সংঘর্ষ হয়। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে তিনি জানান।