হবিগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার নূরপুরে গতকাল রোববার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশের সদস্যসহ শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অর্ধশত দোকানপাট ভাঙচুর করা হয়।

সংঘর্ষের সময় ঢাকা-সিলেট মহাসড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের জিতু মিয়ার কাছে পাশের নূরপুর গ্রামের মলাই মিয়ার টাকা পাওনা রয়েছে। এ নিয়ে গত শনিবার বিকেলে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা ও সংঘর্ষ হয়। এ ঘটনায় গতকাল নূরপুর বাজারে সালিস বৈঠক বসে। কিন্তু মলাই সালিসে না এলে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শ্রীরামপুরের পক্ষ নেয় পাশের মদনপুর, চানপুর, নোয়াগাঁও ও আলগাপুর এবং নূরপুরের পক্ষ নেয় নছরতপুর, কদমতলী, বড়চর, চন্দ্রিপুর, নিতাইচর ও সুরাবই গ্রামের লোকজন। বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় সহকারী পুলিশ সুপার মোজামেঞ্চল হক, শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল ইসলাসহ শতাধিক লোক আহত হন। গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন জাতীয় ক্রিকেটার নাজমুল হোসেন ও নূরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরীর মালিকানাধীন অর্ধশত দোকানপাট ভাঙচুর করে।

বিকেল চারটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদের নেতৃত্বে সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের আটকে পড়া যান চলাচলের সুযোগ করে দেয়। বেলা দেড়টার দিকে ওই মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজামেঞ্চল হক জানান, পাওনা টাকা আদায় নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।