হবিগঞ্জে দুই মহল্লার বাসিন্দাদের সংঘর্ষে ৫০ জন আহত
হবিগঞ্জ পৌর এলাকায় কবরস্থানের ওপর দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে গতকাল মঙ্গলবার শহরের অনন্তপুর ও ইনাতাবাদ এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষে পুলিশসহ প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের ইনাতাবাদ আবাসিক এলাকার হিরা মিয়া ওই এলাকার মসজিদে এককালীন টাকা দান করে তাঁর বাড়ির সদস্যদের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণ করার জন্য মসজিদ কমিটির কাছ থেকে কিছু জায়গা নেন। গতকাল সকাল নয়টার দিকে তিনি ওই জায়গায় মাটি ভরাটের কাজ শুরু করলে পার্শ্ববর্তী অনন্তপুর আবাসিক এলাকার লোকজন বাধা দেয়। তাদের বক্তব্য, ওই জমি মসজিদের নয় এলাকার কবরস্থানের। হিরা মিয়ার পক্ষ নিয়ে ইনাতাবাদ এলাকার লোকজন অনন্তপুর এলাকার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হবিগঞ্জ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম, জয়নাল, শাহবুদ্দীন, আবদুর রাজ্জাক, ও রহিছ আলীকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।