হবিগঞ্জে দুই সদস্যকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহ্মদীয়া মুসলিম জামা’ত আশঙ্কা করেছে, একটি স্বার্থান্বেষী চক্র সম্প্রতি কক্সবাজার ও রামুর ঘটনার মতো তাদের ওপরও হামলা চালাতে পারে। গতকাল বুধবার জামা’তের ন্যাশনাল আমির মীর মোবাশশেরউর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আশঙ্কার কথা বলা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী চক্র দেশে নানা অজুহাতে ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কক্সবাজার ও সংলগ্ন এলাকাগুলোতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর হামলা তার উদাহরণ। গত মঙ্গলবার ও গতকাল সে রকম দুটি ঘটনা ঘটেছে আহ্মদীয়া মুসলমানদের ওপর। গত মঙ্গলবার রাজশাহীতে আহ্মদীয়ার দুই সদস্যকে কিছু ব্যক্তি ষড়যন্ত্রমূলকভাবে আটক করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে। পরে ধর্মীয় জঙ্গি অপবাদ দিয়ে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। একই দিনে হবিগঞ্জের মাধবপুরে তৌফিক আহমদ চৌধুরী ও মোহাম্মদ আলী নামের দুজন আহ্মদীয়া সদস্যকে উদ্দেশ্যমূলকভাবে রাসুল (সা.) কে অবমাননাকারী আখ্যা দিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। পরে পুলিশ তাঁদের মাধবপুর থানায় নিয়ে যায়।ঘটনা দুটিতে উদ্বেগ জানিয়ে আহ্মদীয়া জামা’তের পক্ষ থেকে তাঁদের মুক্তির দাবি করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, রাসুল (সা.) কে অবমাননা বা জঙ্গিবাদ—কোনোটির সঙ্গেই আহ্মদীয়াদের কোনো সংশ্লিষ্টতা নেই।এদিকে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আহ্মদীয়া জামা’তের পক্ষ থেকে ইতিমধ্যে সারা দেশের শাখাগুলোতে সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়েছে, উগ্রবাদী ও জঙ্গিগোষ্ঠী যেকোনো সময় বিভিন্ন গুজব ছড়িয়ে আহ্মদীয়াদের ওপর হামলা করতে পারে। এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শকের কাছে নিরাপত্তা বিধানের জন্য আবেদন জানানো হয়। এদিকে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর প্রথম আলোকে জানান, হবিগঞ্জের মাধবপুরে পুলিশের কাছে আটক আহ্মদীয়া সদস্য তৌফিক আহমেদ চৌধুরীকে গতকাল বুধবার বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরেক সদস্য মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।