হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ শতাধিক আহত
কথা-কাটাকাটির জের ধরে হবিগঞ্জ সদর উপজেলায় গতকাল বুধবার দুই পক্ষের সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৩৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে সদর উপজেলার তেতৈয়া গ্রামের ইজিবাইকের (তিন চাকার ছোট যানবাহন) চালক সুজন মিয়ার সঙ্গে ভাড়া নিয়ে পাশের গোপায়া গ্রামের কামরুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এ সময় ওই চালককে মারধর করেন কামরুল ইসলাম। খবর পেয়ে তেতৈয়া গ্রামের লোকজন গোপায়া গ্রামে যায়। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার জের ধরে গতকাল সকাল ১০টার দিকে শহরতলির গোপায়া ও মশাজান এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ লাঠি, বল্লম ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় দেড় ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ চলে। এতে হবিগঞ্জ-ধুলিয়াখাল ও হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ২৫-২৬টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর এবং তিনটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার গুলি ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে বেলা ২টার দিকে আবারও দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়।
সংঘর্ষে আহত উপপরিদর্শক (এসআই) এ কে এম রাসেল, রফিকুল আহসান, রাজ কুমার, সহকারী উপপরিদর্শক (এআসআই ) নুরে আলমসহ পুলিশের পাঁচ সদস্যকে হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া গুরুতর আহত শাহজাহান মিয়া, উজ্জ্বল মিয়া, রজব আলী, কুতুব আলী, সফর আলী, মো. শামীম, রমিজ আলী, শাকিল খান, সিজিল মিয়া, আবদুল হাশিম, সরফরাজ আলীসহ ৩৬ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন গতকাল বিকেল সাড়ে পাঁচটায় জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।