হবিগঞ্জে নদী থেকে বালু তোলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে খননের মাধ্যমে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে বালু তোলা গতকাল বৃহস্পতিবার বন্ধ করে দিয়েছে প্রশাসন। এদিকে বালু তোলা বন্ধের জের ধরে উপজেলা যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল কুদ্দুছ ও সাধারণ সম্পাদক জামান আলী কিছুদিন ধরে কুশিয়ারা নদী থেকে বালু তুলছেন। এতে যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ ভূঁইয়াসহ স্থানীয় ছাত্রলীগের একটি অংশ বাধা দিয়ে আসছিল। গতকাল বেলা আড়াইটার দিকে উপজেলা প্রশাসন বালু তোলা বন্ধ করে দেয়। এর জের ধরে যুবলীগের উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় লাঠিসোঁটার আঘাতে তিনজন আহত হন। তাঁদের মধ্যে মোহন মিয়া নামের যুবলীগের একজন কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।