হবিগঞ্জে নারীশ্রমিকদের সঙ্গে প্রতারণা, দুই ঠিকাদার আটক
নারী নির্মাণশ্রমিকদের কাজের কথা বলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং মজুরি পরিশোধ না করে জোরপূর্বক কাজ করানোর অভিযোগে হবিগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার আকবর আলী ও রাজা মিয়া নামে দুই ব্যক্তিকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে নির্মাণাধীন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ মহিলা হোস্টেলে। পুলিশের অভিযোগে জানা যায়, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের মহিলা হোস্টেল নির্মাণপ্রতিষ্ঠান মেসার্স আশরাফ ট্রেডার্সের দুই ঠিকাদার আকবর আলী ও রাজা মিয়া গত মঙ্গলবার ভোরে সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে রহিমা খাতুন (২৮), নার্গিস (২৭), টিয়া বেগম (২৫), গোলাপ বানু (৪০), ফরিদা বেগম (২২), মরিয়ম বেগম (৪৩), আছমা বেগম (৩০), জাহানারা বেগমসহ (২০) ১১ জন নির্মাণশ্রমিককে গোয়ালাবাজারে কাজ করার কথা বলে একটি ট্রাকে তোলেন। ট্রাকে ওঠার পর শ্রমিকদের হবিগঞ্জে নিয়ে আসা হয়। শ্রমিকদের সঙ্গে চুক্তি করা হয় এক দিনের কাজ বাবদ জনপ্রতি ৪০০ টাকা করে দেওয়া হবে। পরে শ্রমিকেরা সারা দিন হবিগঞ্জে নির্মাণাধীন সরকারি বৃন্দাবন কলেজের মহিলা হোস্টেলে কাজে শ্রম দেন। বেলা শেষে ওই দুই সাব ঠিকাদারের কাছে তাঁরা মজুরি দাবি করলে ঠিকাদারেরা আরও এক দিন কাজ করার জন্য চাপ প্রয়োগ করেন। এ সময় নারীশ্রমিকেরা অসম্মতি প্রকাশ করেন। তাঁরা জানান, তাঁদের পরিবারে শিশুসন্তান রয়েছে। আরও এক দিন এখানে তাঁদের কাজ করা সম্ভব নয়। এতে ক্ষিপ্ত হয়ে আকবর আলী ও রাজা মিয়া নারীশ্রমিকদের কোনো টাকা-পয়সা না দিয়ে বের করে দেন। নিরুপায় হয়ে তাঁরা শহরের জালাল স্টেডিয়ামে হস্ত, শিল্প ও বাণিজ্যমেলায় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ-সদস্যদের কাছে সাহায্য চান। পরে পুলিশ তাঁদের সদর থানায় পাঠায়। সেখানে শ্রমিকেরা বিস্তারিত ঘটনা পুলিশের কাছে খুলে বলেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আকবর আলী ও রাজা মিয়া নামে ওই দুই প্রতারককে আটক করে হবিগঞ্জ থানা পুলিশ।