হবিগঞ্জে নিখোঁজ হওয়া দুই ভাই সিলেটে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের বাসা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর গতকাল মঙ্গলবার দুই ভাই সামির (১০) ও অভিকে (৮) সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস সড়কে ফাতেমালয়ে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন শহীদ খান। তিনি দলিল লেখক। গত শনিবার সকাল ৭টায় শহীদ খান ও তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তাঁদের দুই সন্তান সামির ও অভি ঘরে নেই। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে তিনি গত শনিবার রাতে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ বিষয়ে গত সোমবার প্রথম আলোয় ‘হবিগঞ্জে দুই শিশু নিখোঁজ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।

গতকাল দুপুরে সামির ও অভিকে সিলেট শাহজালাল (রহ.)–এর মাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন তাদের এক আত্মীয়। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আইনি প্রক্রিয়ায় তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। উদ্ধারের পর শিশুরা পুলিশকে বলেছিল, মা-বাবা শাসন করতে পারেন—এ ভয়ে তারা বাসা থেকে পালিয়েছিল।