হবিগঞ্জে পরিদর্শকসহ ১৪ পুলিশকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক তরুণকে নির্যাতন ও পুলিশ লাইনে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে গতকাল শনিবার হবিগঞ্জের ১৪ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ পুলিশ লাইন এলাকায় একটি দোকানে গত বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত দলের মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট খেলা দেখছিলেন কিছুসংখ্যক তরুণ। এ সময় সদর উপজেলায় গোপায়া গ্রামের আক্তার মিয়ার সঙ্গে পুলিশ লাইনের কনস্টেবল সোহাগের তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ঝগড়ায় রূপ নেয়। পরদিন গত শুক্রবার বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করে দেন ওই এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম। তাতে খুশি হননি কনস্টেবল সোহাগ। পরে ওই দিন রাত সাড়ে সাতটার দিকে একটি পুলিশের পিকআপ ভ্যানে করে পুলিশ লাইনের পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জামাল উদ্দিনের নেতৃত্বে কনস্টেবল সোহাগসহ ৮-১০ জন পুলিশ শরিফুলের দোকানে এসে আক্তারকে খুঁজতে থাকে। আক্তারকে না পেয়ে তাঁর ছোট ভাই আরিফুল ইসলামকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।
আরিফুলকে ধরে নেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। পরে এলাকাবাসী হবিগঞ্জ ধুলিয়াখাল সড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে ছুটে যান হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান ও হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন। তাঁরা আরিফুলকে উদ্ধার করেন। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাত সাড়ে ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী।
পরে এলাকাবাসী বিষয়টি হবিগঞ্জের সাংসদ মো. আবু জাহিরকে তাঁর বাসায় গিয়ে জানান। পরে গতকাল পুলিশ লাইনের পরিদর্শক (সশস্ত্র) জামাল উদ্দিন, কনস্টেবল সোহাগসহ ১৪ জনকে পুলিশ লাইন থেকে প্রত্যাহার করা হয়। তাঁদের সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে গোপায়া এলাকার বাসিন্দা ফিরোজ মিয়া বলেন, পুলিশ আইন নিজেদের হাতে তুলে নিয়ে বিনা অপরাধে আরিফুলকে মারধর ও নির্যাতন করেছে। অথচ অপরাধীদের প্রত্যাহার করেই দায় শেষ করল জেলা পুলিশ।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম ওই ১৪ পুলিশকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।