হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে গত রোববার সকাল থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে যথারীতি সব ধরনের গণপরিবহন চলাচল করেছে।
হবিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সজীব আলী বলেন, জেলা প্রশাসন সমস্যা সমাধানের জন্য এক মাস সময় নিয়েছেন। প্রশাসনের আহ্বানে তাঁরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল থেকে যান চলাচল শুরু হয়েছে।
হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কে গত ৩ নভেম্বর একটি বাস ভাঙচুর হয়। এর প্রতিবাদে এবং ওই সড়কে অটোরিকশা বন্ধের দাবিতে গত রোববার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম বলেন, কিছু শর্ত সাপেক্ষে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কাছে এক মাস সময় নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এখন আঞ্চলিক সড়কগুলোতেও অটোরিকশা বন্ধ করে দিলে তাদের যাওয়ার জায়গা থাকবে না। বাস মালিক সমিতি তাদের সঙ্গে অন্যায় করছে।