হবিগঞ্জে পাঁচ নারীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নারীদের সম্পত্তিতে উত্তরাধিকারের সমস্যাটি দীর্ঘদিনের। এ সমস্যায় পুরুষের পাশাপাশি নারীদের এগিয়ে আসা প্রয়োজন। ধর্ম-বর্ণ-জাতিনির্বিশেষে ভূমি ও সম্পত্তিতে নারীর উত্তরাধিকার নিশ্চিত করতে হলে সরকারের সঙ্গে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সচেতন করতে হবে। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে পাঁচজন নারীকে সম্মাননা দেওয়া হয়।কবি ও নারীনেত্রী তাহমিনা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কামরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া খানম, সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ও হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসা। পঠিত প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুজ জাহের, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, তরফদার মুহম্মদ ইসমাইল, নারীনেত্রী লুৎফুন্নাহার চৌধুরী, বাদল রায়, পীযূষ চক্রবর্তী, গোলাম মোস্তফা, ব্র্যাকের হবিগঞ্জ জেলা ব্যবস্থাপক ফিরোজ মোহাম্মদ, কৃষক শহিদুর রহমান, হবিগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা, সালমা আক্তার চৌধুরী, আসমা খানম, অপু চৌধুরী, সানজিদা লাবণী, সামিনা রহমান, শাকিলা আক্তার, মাহমুদা খাঁ প্রমুখ।সেমিনার শেষে গ্রামীণ সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পাঁচজন নারীকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া নারীরা হলেন—রেশমা বিবি (গ্রামীণ সমাজে অপেশাদার ভিত্তিতে ধাত্রীসেবা দেওয়ার জন্য), হোসনে আরা (শস্যবীজ সংরক্ষণে অবদান রাখার জন্য), পুতুল বেগম (গ্রামীণ হস্তশিল্পের জন্য), শহীদজননী সুশীলা রানী দেবনাথ (রত্নগর্ভা গ্রামীণ নারী হিসেবে) ও শেখ ফিরোজ আলী সরদার (স্বপ্রণোদিত হয়ে বোনকে সম্পত্তি দেওয়ায়)।ওই পাঁচ নারীর হাতে সম্মাননাপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মো. কামরুল আমীন। সভায় স্বাগত বক্তব্য দেন প্রাকৃতজন-এর চেয়ারম্যান বিজন বিহারী দাস। সেমিনার সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।