হবিগঞ্জে পাসপোর্ট ফির সঙ্গে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে সোনালী ব্যাংক শাখায় পাসপোর্ট ফির সঙ্গে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রতিদিন ব্যাংক কর্তৃপক্ষ ও গ্রাহকদের মধ্যে তর্কবিতর্ক হচ্ছে।হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাসপোর্ট ফি জমা নিয়ে থাকে সোনালী ব্যাংক হবিগঞ্জ প্রধান শাখা। সরকার নির্ধারিত সাধারণ পাসপোর্ট ফি তিন হাজার ও জরুরি পাসপোর্ট ফি ছয় হাজার টাকা। এই ফির বিপরীতে অতিরিক্ত পাঁচ ও ১০ টাকা করে নেওয়া হচ্ছে। গতকাল সোমবার দুপুরে শহরের উমেদনগর এলাকার অধিবাসী ইলিয়াস রায়হান জরুরি পাসপোর্ট ফি ছয় হাজার টাকা জমা দিতে গেলে কাউন্টার থেকে আরও অতিরিক্ত ১০ টাকা দাবি করা হয়। এ সময় রায়হান এ টাকা কিসের চানতে চাইলে দায়িত্বরত কর্মচারী জানান, ভ্যাট হিসেবে নেওয়া হচ্ছে। এর জন্য রসিদ চাইলে দুই পক্ষের মধ্যে চলে বাগিবতণ্ডা। সোনালী ব্যাংকের কর্মকর্তা সিদ্দিক আলীর কাছে জানতে চাইলে তিনি প্রথমে বলেন, ভ্যাট। পরে বলেন, সোনালী ব্যাংক ঢাকা প্রধান অফিসের নির্দেশে এ হারে টাকা নেওয়া হচ্ছে। এর জন্য রসিদ দেওয়া হচ্ছে না কেন? জানতে চাইলে তিনি বলেন, এ রসিদ লেখার জন্য আরও একজন লোক নিয়োগ দেওয়া সম্ভব নয়, যে কারণে তাঁরা রসিদের বিপরীতে তাঁদের নিজস্ব খাতায় আলাদাভাবে লিখে রাখছেন টাকার পরিমাণ।হবিগঞ্জ সোনালী ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক ডি কে দাস জানান, এ টাকা নিচ্ছেন ভ্যাট হিসেবে।