হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীর সংঘর্ষ, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গতকাল বুধবার পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। অপরদিকে নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ২০ জন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে পরাজিত বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুস শহীদ গোলাপ বিকেলে স্থানীয় হাজারী কমিউনিটি সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করেন। সভায় শহর ও শহরতলির বিভিন্ন স্থান থেকে বিএনপির সমর্থকেরা যোগ দেয়। সভা শেষে একটি মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি, পরে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পুলিশ পিছু হটে থানায় গিয়ে আশ্রয় নেয়। এ সময় বিএনপির সমর্থকেরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর এবং থানা ঘেরাও করে রাখে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫টি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়। এতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন, উপপরিদর্শক (এসআই) দোস্ত মোহাম্মদ, কনস্টেবল এম এ মাখন, আবদুল কদ্দুস, হরিভক্ত, শামীম, হায়দার আলীসহ ১১ জন আহত হন। এ ছাড়া বিএনপির আহত হয়েছে প্রায় অর্ধশত সমর্থক। আহত ব্যক্তিদের অনেকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি হলেও পরে পুলিশের ভয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।বিএনপির নেতা আবদুস শহীদ গোলাপ বলেন, নবীগঞ্জ পৌর নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে ৩০০ ভোটে এগিয়ে থাকলেও ক্ষমতাসীন দল কারসাজি করে তাঁকে ১১২ ভোটে পরাজিত দেখিয়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় পুলিশ অযথাই তাঁদের লাঠিপেটা করেছে। জানতে চাইলে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদা বলেন, আবদুস শহীদ গোলাপের সমর্থকেরা বিধি ভেঙে মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। তারা পুলিশের ওপর চড়াও হলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নরসিংদীর বিএনপি দীর্ঘদিন ধরে দুটি ধারায় বিভক্ত। পৌর নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রয়াত সাংসদ সামছুদ্দিন আহমেদের ছেলে হারুন অর রশিদ। নির্বাচনে তিনি বড় ব্যবধানে পরাজিত হন। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে দলের অস্থায়ী কার্যালয় জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিবের বাসভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গে শোরগোল ওঠে, তিনি দলের সঙ্গে বেইমানি করেছেন। বিশেষ করে হারুন অর রশিদের ছোট ভাই জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার সামছ জোর আপত্তি তোলেন। এ নিয়ে পরিবেশ কিছুটা অস্থিতিশীল হয়ে ওঠে। একপর্যায়ে শাহারিয়ার সামছের লোকজন দ্বীন মোহাম্মদের ওপর চড়াও হয়। এ সময় দ্বীন মোহাম্মদের সমর্থকেরাও পাল্টা জবাব দেয়। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ, জেলা যুবদলের সভাপতি বোরহান উদ্দিন ও শহর যুবদলের সহসভাপতি শরিফ মোল্লা রয়েছেন। তাঁরা স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।