হবিগঞ্জে পূজার আকর্ষণ যে মণ্ডপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার দক্ষিণপার কালীমন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। ছবি: প্রথম আলো
কলকাতার দক্ষিণপার কালীমন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। ছবি: প্রথম আলো

এবারের শারদীয় দুর্গোৎসবে হবিগঞ্জে সবার নজর কেড়েছে ভারতের কলকাতার দক্ষিণপার কালীমন্দিরের আদলে তৈরি ৫০ ফুট উচ্চতার মণ্ডপ। শহরের চৌধুরী বাজার সর্বজনীন পূজা উদ্‌যাপন কমিটি এ মণ্ডপ তৈরি করে।

কাঠ, কর্কশিট, বাঁশ ও কাপড় দিয়ে তৈরি করা এ মণ্ডপ দেখলে মনে হবে না এটি কোনো অস্থায়ী বা হালকা ধরনের স্থাপনা। স্থানীয় কারিগরদের শৈল্পিক কাজ ও মণ্ডপের সাদা, লাল ও ঘিয়ে রঙের সমন্বয় মণ্ডপটিকে নিয়ে গেছে অবিকলের কাছাকাছি।

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার সর্বজনীন পূজা উদ্‌যাপন কমিটি ৬৮ বছর ধরে শহরের নায়েবে পুকুরপাড় এলাকায় শারদীয় দুর্গোৎসব পালন করে আসছে। এ মণ্ডপসহ হবিগঞ্জ পৌর এলাকায় এবার ৩২টি স্থানে পূজা উদ্‌যাপন করা হচ্ছে।

মণ্ডপটি এক নজর দেখার জন্য দর্শনার্থীরা ভিড় করছেন। মণ্ডপের সামনে রয়েছে বিশাল এক দিঘি। দিঘির টলটলে জল এবং পূজামণ্ডপের লাল-নীল বাতির উজ্জ্বলতা বাড়তি আকর্ষণ জুগিয়েছে।

কমিটির সহসভাপতি স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, এ স্থানটিতে তাঁরা প্রতিবছর পূজা করে আসছেন। এবারের পূজায় তাঁদের মণ্ডপ তৈরিতে মনোযোগ ছিল একটু বেশি। এবার তাঁদের মণ্ডপটি ভারতের কলকাতার দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে সাজানো হয়েছে। ৫০ ফুট উঁচু ও ছয় শতক ভূমির ওপর এ মণ্ডপটি নির্মাণ করতে সময় লেগেছে দুই মাস। আর্থিক ব্যয় হয় প্রায় ১৫ লাখ টাকা। তবে খুশির বিষয়, স্থানীয় কারিগর দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপটি।

মণ্ডপটি তৈরির কারিগর হবিগঞ্জের ছেলে স্বপন দাস বলেন, মাত্র দুই মাস সময় নিয়ে এ মণ্ডপটি তৈরি করা হয়েছে। আরও একটু সময় পেলে ভালো হতো। স্বপন বলেন, মণ্ডপের যে সাতটি আকর্ষণীয় গম্বুজ রয়েছে, তাতে সময় লাগে একটু বেশি। কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরকে অনুকরণের চেষ্টা করা হয়েছে মণ্ডপটি তৈরিতে।