হবিগঞ্জে পৃথক সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জের লাখাই ও আজমিরীগঞ্জ উপজেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত এবং অর্ধশত আহত হয়েছেন। আজ রোববার দুপুরে ও গতকাল শনিবার রাতে দুই উপজেলায় দুটি গ্রামের অধিবাসীদের মধ্যে পৃথক এই সংঘর্ষের ঘটনা ঘটে।
লাখাই উপজেলায় সংঘর্ষে নিহত দুজন হলেন, কদম আলী (৫৫) ও বকুল মিয়া (৩৫)। আর আজমিরীগঞ্জ উপজেলায় সংঘর্ষে নিহত হন রতন মিয়া (৩০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, লাখাই উপজেলার বুল্লা বাজারে শনিবার ঈদের দিন বিকেলে আম বেচাকেনা নিয়ে উপজেলার তেঘরিয়া গ্রামের জাকির মিয়ার সঙ্গে সিংহগ্রামের শাজাহান মিয়ার কথাকাটাকাটি হয়। এ নিয়ে পরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে আজ দুপুর ১২টার দিকে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৫০ জন আহত হন। গুরুতর অবস্থায় ২২ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে সিংহগ্রামের কদম আলী (৫৫) ও বকুল মিয়ার (৩৫) মৃত্যু হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাত হোসেন দুজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
এদিকে, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা সদরে গতরাতে দুই পক্ষের সংঘর্ষে রতন মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসীরা জানায়, পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে আজমিরীগঞ্জ সদরে হারিছ মিয়ার সঙ্গে একই এলাকার রতন মিয়ার কথাকাটাকাটি হয়। এ নিয়ে পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোববার ভোরে রতন মিয়া মারা যান।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।