হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল, নবীগঞ্জ ও লাখাই উপজেলায় আজ শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। লাশগুলো পুলিশ উদ্ধার করেছে।


শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, আজ বেলা তিনটার দিকে সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাস বাহুবলের তুবলি নামক স্থানে পৌঁছালে সিলেটগামী একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী দুই ভাই খোকন (২৫) ও রোকন (২২) এবং মাইক্রোবাসের চার আরোহী প্রাণ হারান। খোকন-রোকন বাহুবল উপজেলার জশপাল গ্রামের লগুজ মিয়ার ছেলে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাইক্রোবাসের যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে।


এদিকে হবিগঞ্জ-লাখাই উপজেলা সড়কে হবিগঞ্জ থেকে লাখাইগামী একটি বাসের সঙ্গে লাখাই থেকে হবিগঞ্জগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে দেওয়ান আলী (২৫) নামের এক ব্যক্তি হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বাড়ি লাখাই উপজেলার মুড়াকুরি গ্রামে।


এদিকে একই দিন সকালে হবিগঞ্জ-নবীগঞ্জ উপজেলা সড়কের শিবগঞ্জ এলাকায় হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী একটি দ্রুতগামী ট্রাক শহীদুল মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শহীদুল শিবগঞ্জ বাজার এলাকার নৈশপ্রহরী ছিলেন।


শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ প্রথম আলোকে বলেছেন, জেলার বাহুবল, নবীগঞ্জ ও লাখাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোট আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।