হবিগঞ্জে প্রতিরক্ষা বাঁধ ধসে দোকান-গাছ নদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ শহরের পাশের খোয়াই নদীর বাঁধ ধসে ১১টি দোকানঘর নদীতে বিলীন হয়ে গেছে l ছবি: প্রথম আলো
হবিগঞ্জ শহরের পাশের খোয়াই নদীর বাঁধ ধসে ১১টি দোকানঘর নদীতে বিলীন হয়ে গেছে l ছবি: প্রথম আলো

হবিগঞ্জ শহরের পাশের খোয়াই নদের উত্তর পাড় (রামপুর সড়ক) ধসে উমেদনগর এলাকার ১১টি দোকানঘর ও চারটি বড় গাছ নদীগর্ভে চলে গেছে। গতকাল শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, নদীর দক্ষিণ পাড়ে মেশিন দিয়ে বালু তোলার কারণে বাঁধ ধসে পড়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই সেতুর উত্তর পাড়ের (চৌধুরীবাজার-রামপুর সড়ক) নদীর প্রতিরক্ষা বাঁধ গতকাল শুক্রবার ভোর পাঁচটায় হঠাৎ ধসে পড়ে। এ বাঁধের ওপর ১১টি দোকান ছিল।

বাঁধ ধসে ক্ষতিগ্রস্ত আবদুস সমেদ নামের এক ব্যবসায়ী জানান, বাঁধ ধসে তাঁর চারটি দোকান ধসে পড়েছে। তিনি জানান, গতকাল ভোর পাঁচটায় হঠাৎ করে ধসে যায় নদীর উত্তর পাড়। যে ১১টি দোকানপাট ধসে গেছে, এগুলোতে কেউ বসবাস করতেন না। যে কারণে কেউ হতাহত হয়নি।

ক্ষতিগ্রস্ত অপর ব্যবসায়ী রেজ্জাক মিয়া জানান, অপর সাতটি দোকানের মধ্যে তাঁর দুটি, আরিফ মিয়ার একটি, কুদ্দুস মিয়ার দুটি ও মৌলা মিয়ার দুটি দোকান রয়েছে। তিনি আরও জানান, এ দোকানপাটের পেছনে কড়ই, শিমুল, মেওয়া ও কদম জাতের চারটি বড় আকারের গাছ ছিল। এ গাছগুলোও নদীগর্ভে চলে গেছে।

ক্ষতিগ্রস্ত মৌলা মিয়া জানান, যে ১১টি ঘর ধসে গেছে, এ ঘরগুলোর বিপরীতে দীর্ঘদিন ধরে মেশিনের সাহায্যে বালু উত্তোলন করে আসছেন স্থানীয় বালু ব্যবসায়ীরা। মূলত তাঁদের কারণেই নদীর উত্তর পাড় ধসে গেছে। তিনি বলেন, এ ভাঙন অব্যাহত আছে। আরও ভাঙলে রামপুর গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ বন্ধ হয়ে পড়বে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘আমরা সরেজমিনে দেখেছি, অবৈধভাবে বালু তোলার কারণে পাড় ধসে পড়েছে। জেলা প্রশাসন এ বালুমহাল ইজারা দেওয়ার কারণে ইজারাদার নদীর শহর অংশে প্রায় ১০টি স্থানে মেশিন বসিয়ে এ বালু উত্তোলন করেন। সম্প্রতি নদীতে পানি বেড়ে যাওয়ায় মেশিনগুলো বন্ধ থাকলেও নদীর অবকাঠামো তাঁরা অনেক আগেই বিনষ্ট করে দিয়েছে।’

পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, নদীর পাড় ধসের খবর তাঁরা পেয়েছেন। তিনি জানান, গত দু-তিন দিন খোয়াই নদের পানি বিপৎসীমার ২৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এখন এ পানি কমে যাওয়ায় পাড়ের দুর্বল মাটিগুলো ধসে পড়ছে। এ কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।