হবিগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আইনগাঁও নামক স্থানে গতকাল শনিবার দুপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার সদরঘাট গ্রামের বাসিন্দা আবদুল মজিদের ছেলে শাহবাজ (৩২) ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে সুজন (৩৩)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস আইনগাঁও নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই এর আরোহীরা মারা যান। বাসটি নিয়ে চালক পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পানিউমদা বাজারের কাছে লোকজন সেটিকে আটক করে। এ সময় দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে ও নবীগঞ্জের গোপলারবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।