দায়িত্ব নেওয়ার এক মাস পেরোনোর আগেই হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে রদবদল করা হয়েছে। জেলা বিএনপির কাউন্সিলে নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ সুজাত মিয়ায় স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। গত ২৭ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামাল দিতেই কেন্দ্র এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির কর্মী-সমর্থকেরা।হবিগঞ্জের বিএনপির নেতা-কর্মীরা জানান, দলের জেলা কমিটি নিয়ে ত্রিমুখী দ্বন্দ্ব চলছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল এবং দ্বিতীয় পক্ষের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। আর তৃতীয় অংশটির নেতৃত্বে রয়েছেন সাবেক জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী। অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব সামাল দিতে গিয়ে কেন্দ্রের নেওয়া এ সিদ্ধান্ত দলের মধ্যে বির্তক ও প্রশ্নের সৃষ্টি করেছে বলে মত প্রকাশ করেন তাঁরা।দলীয় সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় জেলা বিএনপির কাউন্সিল হয়। এতে সৈয়দ ফয়সল পক্ষের লোকজন অংশ নিলেও অন্য দুই পক্ষ তা বর্জন করে। ওই কাউন্সিলে সভাপতি পদে সৈয়দ মোহাম্মদ ফয়সল, সাধারণ সম্পাদক পদে শেখ সুজাত ও সাংগঠনিক সম্পাদক পদে এনামুল হক সেলিম নির্বাচিত হন। অন্যদিকে মিনহাজ-মিজান পক্ষের লোকজন মিনহাজ উদ্দিনকে সভাপতি ও মিজানুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করে। এ সময় তৃতীয় অংশের নেতা জি কে গউছ দেশের বাইরে থাকায় তাঁর সমর্থকেরা কাউন্সিলে অনুপস্থিত থাকেন। পরে তিনটি পক্ষই একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয়। দ্বন্দ্ব সামাল দিতে জেলা বিএনপির অর্ধশত নেতা-কর্মীকে আসামি করে মামলাও করে পুলিশ।একাধিক দলীয় নেতা-কর্মী জানান, এই দ্বন্দ্ব মেটাতেই কেন্দ্রীয় কমিটি সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সভাপতি বহাল রেখে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেয় জি কে গউছকে। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কমিটির অনুমোদন দেন। দলের প্রথম সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। প্রতিক্রিয়া: কেন্দ্র নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা বিএনপির দ্বন্দ্বের অবসান করতে চাইলেও তা হয়নি। বঞ্চিত পক্ষ বলছে, কেন্দ্রীয় কমিটি অন্যায়ভাবে মনোনয়ন দিয়েছে। কাউন্সিলে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম বলেন, ‘হবিগঞ্জে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো নেতা নির্বাচিত হোক, দলের একটি চক্র তা চায় না।’শেখ সুজাতের সমর্থক ও ঘনিষ্টজন হিসেবে পরিচিত নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর সাব্বির আহমেদ চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলরদের ভোটে শেখ সুজাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।’ শেখ সুজাত বর্তমানে ব্রিটেনে আছেন এবং দ্রুত দেশে আসবেন বলে জানান সাব্বির আহমেদ।কেন্দ্রের বর্তমান সিদ্ধান্ত সঠিক উল্লেখ করে নতুন সাধারণ সম্পাদক জি কে গউছের সমর্থক খুরশেদ আলম চৌধুরী বলেন, ‘ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে কাউন্সিল করা হয়েছিল। শেখ সুজাত দেশে থাকেন না। তাঁকে দিয়ে তো জেলা সংগঠন চলে না। এ পদের জন্য জি কে গউছই যোগ্য।’অন্য অংশের সভাপতি মিনহাজ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা কেন্দ্রের সিদ্ধান্তের বিপরীতে কোনো মন্তব্য করতে চাই না।’ জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল কেন্দ্রের নতুন সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।