হবিগঞ্জে বিএনপির কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার টুকের বাজারে গতকাল শনিবার দুপুরে মঈনুল হোসেন (৩৫) নামের বিএনপির এক কর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নবীগঞ্জের করগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস ওরফে সাগরের সঙ্গে একই ইউনিয়নের বিএনপির সভাপতি শাহাবুদ্দিন ওরফে শান্তির জলাশয় দখল নিয়ে বিরোধ এবং মামলা-মোকদ্দমা চলছে। গতকাল দুপুর দেড়টার দিকে শাহাবুদ্দিনের ছোট ভাই ইউনিয়ন বিএনপির কর্মী মঈনুল টুকের বাজারে গেলে একদল দুর্বৃত্ত আকস্মিক তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা বল্লম দিয়ে মঈনুলের বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। লোকজন তাঁকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মঈনুলের ভাই শাহাবুদ্দিন বলেন, ‘করগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস ও তাঁর লোকজন পরিকল্পিতভাবে তাঁর ভাইকে খুন করেছে।’অভিযোগ অস্বীকার করে যুবলীগের নেতা আবদুল কুদ্দুস বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। এ ঘটনায় তাঁর সংগঠনের কেউ জড়িত আছে কি না, তা তিনি খতিয়ে দেখছেন।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয়াদি ও প্রভাব বিস্তার নিয়ে আবদুল কুদ্দুস সাগর ও শাহাবুদ্দিন শান্তির মধ্যে বিরোধ চলছে। পাশাপাশি এলাকার জলাশয় দখল নিয়ে দুজনের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরে বিএনপির কর্মী মঈনুলকে খুন করা হতে পারে। ওসি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।হবিগঞ্জের উত্তর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা প্রথম আলোকে বলেন, মঈনুল হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নয়জনকে আটক করা হয়েছে।