হবিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৬০, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে গতকাল বুধবার বিএনপির দুই পক্ষের দুই দফা সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ ৬০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৮ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষকালে একটি রেস্তোরাঁসহ চার-পাঁচটি দোকান ভাঙচুর করা হয়।পুলিশ ও বিএনপির সূত্রের বিবরণ অনুযায়ী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আগামী ৬ অক্টোবর হবিগঞ্জে আগমন উপলক্ষে জেলা বিএনপি গতকাল বিকেলে স্থানীয় প্রেসক্লাবে এক প্রস্তুতি সভা আহ্বান করে। সভায় দলের কেন্দ্রীয় নেতা শমসের মবিন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সাল ও সাধারণ সম্পাদক জি কে গউছসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা চলাকালে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক তাঁর আসন ও বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন। এ নিয়ে দলের দুটি পক্ষের মধ্যে প্রথমে বাগিবতণ্ডা ও পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ একদল কর্মী শহরের কোর্ট মসজিদের সামনে একটি রেস্তোরাঁয় ভাঙচুর করেন। ওই ঘটনার সূত্র ধরে সন্ধ্যার পর বিএনপির বহুলা এলাকার সমর্থকদের সঙ্গে শায়েস্তানগর এলাকার সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় শহরের প্রধান রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করে। ভাঙচুর করা হয় চার-পাঁচটি দোকান। পুলিশ সংঘর্ষ থামাতে গিয়ে ৪৪টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের আটটি শেল ব্যবহার করে। সংঘর্ষে আহত হন ৬০ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত পৌর কাউন্সিলর মাহবুবুল হক, শেখ মামুনুর রশিদ, রোমেন খান, শাহজাহান মিয়াসহ ১৮ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এ সংঘর্ষ হয়।