হবিগঞ্জে বিএনপির ২৮ নেতা-কর্মী জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীসহ ২৮ নেতা-কর্মীকে গতকাল সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সম্মেলনের আগে দলের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল এবং অপর পক্ষের নেতৃত্বে আছেন সাবেক যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী। জেলা কমিটি গঠনের পর ফয়সল পক্ষের নেতা-কর্মীরা গত ২০ ডিসেম্বর শহরে আনন্দ মিছিল করেন। এর আগের দিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায় মিনহাজ-মিজানুর পক্ষের নেতা-কর্মীরা অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহরে মিছিল বের করেন।অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিল করার ঘটনায় হবিগঞ্জ সদর থানার উপরিদর্শক (এসআই) হারুন আল রশীদ বাদী হয়ে ওই দিন রাতেই মিনহাজ-মিজানুর পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।মিজানুর রহমানসহ মামলার আসামিদের মধ্যে ২৮ জন গতকাল জেলা বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক মো. সামছুল আলম আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মিনহাজ উদ্দিন অভিযোগ করেন, সৈয়দ ফয়সল ষড়যন্ত্র করে পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে তাঁদের নেতা-কর্মীদের হয়রানি করছেন।অভিযোগ অস্বীকার করে সৈয়দ ফয়সল জানান, এ মামলার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। পুলিশই বাদী হয়ে মামলা করেছে।