হবিগঞ্জে শিল্পকলা একাডেমী ভবন ভাঙচুরের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার রায়ে জেলা বিএনপির ৩৪ জন নেতা-কর্মী খালাস পেয়েছেন। গতকাল বুধবার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুসলেহ উদ্দিনের আদালত এ রায় দেন।আদালত সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের কোর্ট মসজিদ এলাকায় এলে পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে বিএনপির কিছু উচ্ছৃঙ্খল কর্মী জেলা শিল্পকলা একাডেমীসহ কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে।এ ঘটনায় দ্রুত বিচার আইনে শিল্পকলা একাডেমীর পিয়ন মোতালেব মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান, কাউন্সিলর আবদুল আউয়াল, মহিবুর রহমানসহ বিএনপির ৩৪ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।মামলার বিচারকালে নয়জন পুলিশসহ মোট ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। এতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক সব আসামিকে বেকসুর খালাস দেন।