হবিগঞ্জে বিচারক সংকট তীব্র
হবিগঞ্জ জেলা জজ ও বিচারিক হাকিম আদালতে বিচারক-সংকট তীব্র আকার ধারণ করেছে। এ কারণে বিচারপ্রার্থী সাধারণ মানুষ অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন।
জেলা আইনজীবী সমিতি শূন্যপদ পূরণের দাবিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ও প্রধান বিচারপতি বরাবরে আবেদন জানিয়েছে। পাশাপাশি তারা কর্মবিরতি, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে।
জেলা জজ ও বিচারিক হাকিম আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্যেষ্ঠ সহকারী জজের দুটি পদের একটি, অতিরিক্ত সহকারী জজের একটি পদের একটি ও সহকারী জজের সাতটি পদের মধ্যে চারটি শূন্য রয়েছে। এ ছাড়া বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারকের তিনটি পদের দুটি, কনিষ্ঠ (জুনিয়র) বিচারকের চারটি পদের তিনটি শূন্য। বিচারক-সংকটের কারণে নয়টি থানা নিয়ে গঠিত ছয়টি আমলি আদালতসহ ছয়টি বিচারিক আদালত পরিচালনা করছেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমসহ মাত্র দুজন বিচারক। এ ছাড়া জেলার আজমিরীগঞ্জ উপজেলায় রয়েছে একটি বিচারিক হাকিম আদালত। সেখানে বিচারকের পদ সাত-আট মাস ধরে শূন্য রয়েছে। ফলে ওই এলাকার বিচারপ্রার্থী লোকজনকে সপ্তাহে এক দিন (বৃহস্পতিবার) জেলা সদরে আসতে হচ্ছে।
সূত্র জানায়, বর্তমানে জেলার বিভিন্ন আদালতে দেওয়ানি, ফৌজদারিসহ ৩৬ হাজার ৪৭০টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে শুধু বিচারিক হাকিম আদালতে মামলার সংখ্যা ১৯ হাজার ৪৯৩টি।
মাধবপুরের হাসান আলী নামের এক বাসিন্দা জানান, ফৌজদারি আদালতে তাঁর একটি মামলা রয়েছে। বিচারক না থাকায় বারবার এই মামলার তারিখ পেছানো হচ্ছে। তাঁর মতো অনেক বিচারপ্রার্থী ভোগান্তির শিকার হচ্ছেন।
হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ছালেহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, বিচারক-সংকটে ৩৬ হাজারের বেশি মামলা ঝুলে আছে। বিচারকের শূন্যপদ পূরণের দাবিতে তাঁরা আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ও প্রধান বিচারপতি বরাবর আবেদন জানিয়েছেন। পাশাপাশি তাঁরা মানববন্ধন, কর্মবিরতিসহ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।