হবিগঞ্জে বিচারক-সংকট বাড়ছে মামলাজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা ও দায়রা জজ এবং বিচারিক হাকিম আদালতে বিচারক-সংকট চলছে। একজন বিচারক দিয়ে চলছে একাধিক আদালতের বিচারকাজ। এর ফলে মামলাজট ও বিচারপ্রার্থীদের ভোগান্তি বেড়েছে।আদালত সূত্রে জানা গেছে, জেলা ও দায়রা জজ আদালতের ফৌজদারি ও দেওয়ানি ১০ হাজার ৬৮টি (গত মার্চ মাস পর্যন্ত) এবং বিচারিক হাকিম আদালতের অধীন আরও ১৭ হাজার ৭১৪টিসহ মোট ২৭ হাজার ৭৮২টি মামলা রয়েছে।আদালতের প্রশাসনিক সূত্রে জানা যায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে এক বছর ধরে বিচারক নেই। যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতেও একই সময় ধরে বিচারক নেই। পাশাপাশি ওই আদালতের জেলা নাজির ও উচ্চমান সহকারীর একটি পদসহ চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেশ কিছু পদ খালি রয়েছে। এ পদগুলোর নিয়োগ কমিটির আহ্বায়ক পদাধিকারবলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ। এ পদটিই শূন্য। তাই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা যাচ্ছে না। এদিকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের পদটি তিন বছর ধরে শূন্য। বিচারিক হাকিমের চারটি পদের দুটি শূন্য রয়েছে দেড় বছর ধরে। এ ছাড়া জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার দুজন সহকারী জজ পদোন্নতি নিয়ে ৭ মে অন্যত্র চলে যাবেন। কয়েক দিন পর ওই দুটি পদও শূন্য হয়ে যাবে।একটি স্বত্ব মামলার বাদী জেলার নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের শেখ রকিব উদ্দিন আহমেদ বলেন, বিচারক-সংকটের কারণে তিন বছর ধরে তাঁর দুটি মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। বারবার তারিখ পড়ছে। অতিরিক্ত বিচারিক হাকিম আদালতের বিচারপ্রার্থী আরিফুর রহমান জানান, একই কারণে আটকা পড়েছে তাঁর একটি চাঁদাবাজির মামলাও।হবিগঞ্জ জেলা বারের সদস্য ত্রিলোক কান্তি চৌধুরী বলেন, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের পদ গুরুত্বপূর্ণ একটি পদ। পদটি পূরণ এখন জরুরি হয়ে পড়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর ভূঁইয়া বলেন, ‘এ পদগুলো পূরণের জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। বিচারক-সংকটের কারণে বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি বেড়েছে। দিন দিন মামলার জটও বাড়ছে।’ সমিতির পক্ষ থেকে শূন্য পদগুলো শিগগির পূরণের দাবি জানান তিনি।