হবিগঞ্জে বিজিবি ও বিএসএফের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের ব্যবস্থাপকের ডাকবাংলোতে দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে এ বৈঠক হয়।বিজিবি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের সিলেট অঞ্চলের খোয়াই নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ-সংক্রান্ত জটিলতা, হবিগঞ্জের বাল্লা সীমান্ত এলাকার গোবরখলা ও গাজীপুরের বিরোধপূর্ণ ভূমি, ভারতের সীমান্ত অপরাধ সংক্রান্ত এবং সঠিক তথ্য আদান-প্রদানসহ উভয় দেশের পাঁচটি বিষয়ে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। এ সময় উভয় দেশের কর্মকর্তারা বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা বক্তব্য দেন।ভারতের পক্ষে ১৬ সদস্যের বিএসএফ দলের নেতৃত্ব দেন তেলিয়ামুড়া সেক্টরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এইচ কে তামবি।বাংলাদেশ পক্ষের চার সদস্য দলের নেতৃত্ব দেন বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মো. খায়রুজ্জামান। বাংলাদেশ দলে বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল হুদা, উপ-অধিনায়ক মেজর মির্জা জাহাঙ্গীর হোসেন, সিলেটের জিএসও-২ মেজর এ কে এম আওরঙ্গজেব উপস্থিত ছিলেন।এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল নুরুল হুদা বলেন, দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।