হবিগঞ্জে বিদ্যালয়ে পাঠ দান করছেন প্রশাসনের কর্তারা
হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার মান ও অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনতে ছয় মাস ধরে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। ব্যতিক্রমী এ উদ্যোগে বেশ খুশি অভিভাবকেরা। তাঁরা বলছেন, প্রশাসনের কর্মকর্তারা পাঠ দান করায় শিক্ষার মান অনেকটা উন্নত হয়েছে। পাশাপাশি নতুন ব্যবস্থাপনায় জবাবদিহি ও নিয়ম-শৃঙ্খলাও এসেছে। জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, ‘এ স্কুলে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। যে কারণে শিক্ষার মান ফিরিয়ে আনতে আমরা দায়িত্ব নিয়েছি। কয়েক মাসেই এ স্কুল ঘুরে দাঁড়িয়েছে। সামনে আরও ভালো করবে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দুই বছর এ দায়িত্ব পালন করবেন।’
জেলা প্রশাসন ও শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বিয়ামের (বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট) উদ্যোগে দেশের ৩১টি জেলায় বিয়াম ল্যাবরেটরি স্কুল (ইংরেজি ভার্সন) চালু আছে। এর পৃষ্ঠপোষকতায় আছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। হবিগঞ্জ বিয়াম স্কুলটি প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। অস্থায়ীভাবে এর কার্যক্রম শুরু হয় হবিগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের একটি ভবনে। বর্তমানে জেলা শিল্পকলা একাডেমী ভবনে বিদ্যালয়ের কার্যক্রম চলে। এ বিদ্যালয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ দান করা হয়। জেলা প্রশাসন দেড় বছর আগে শহরের রাজনগর এলাকায় বিদ্যালয়ের নিজস্ব ভবন তৈরির জন্য ৫২ শতক ভূমি বরাদ্দ দিয়েছে।
মাস ছয়েক আগে অধ্যক্ষের সঙ্গে শিক্ষকের মতবিরোধ, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন ও ফি নেওয়া, যোগ্যতা অনুযায়ী শিক্ষক নিয়োগ না দেওয়া, বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা না হওয়া এবং মানসম্মত পাঠদান না হওয়ার অভিযোগ ওঠে। একসময় শিক্ষার্থীর সংখ্যা ২০০ থেকে ১০০-এর নিচে নেমে আসে। এ অবস্থায় জেলা প্রশাসক শিক্ষার্থীদের অভিভাবক, শহরের বিশিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের লোকজন নিয়ে মতবিনিময় সভা করেন।
সভায় জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ওই বিদ্যালয়ে ক্লাস নেওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী গত জানুয়ারি থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পালাক্রমে পাঠদান শুরু করেন।
গত সোমবার বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, শিক্ষকদের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পাঠ দান করছেন। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ বিন রশিদ বলেন, স্কুলের দায়িত্ব নেওয়ায় ভালোই লাগছে।
জান্নাতুল ফেরদৌস নামের একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন ক্লাস নিচ্ছেন। এতে শিক্ষার মান আগের চেয়ে ভালো হয়েছে। পাশাপাশি শিক্ষকদের মধ্যে ভালো করার প্রতিযোগিতা লক্ষ করা গেছে।
অধ্যক্ষ সৈয়দা হুসনে আরা তাওহিদ বলেন, তাঁর সঙ্গে কোনো শিক্ষকের বিরোধ নেই। বিদ্যালয়ের শিক্ষার মান আগের চেয়ে অনেক ভালো হয়েছে; শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।
জেলা প্রশাসক বলেন, নিজস্ব জায়গায় বিদ্যালয়ের ভবন ও অবকাঠামো তৈরি করা জরুরি হয়ে উঠেছে। এলাকাবাসীর দায়িত্ব এখন অনেক। তিনি এ কাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।