হবিগঞ্জে বিদ্যুতের গ্রিড সাবস্টেশন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু বৃষ্টি হলেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না হবিগঞ্জ শহরে। জেলা সদরে গ্রিড সাবস্টেশন নেই। তাই এখানে বিদ্যুৎ সরবরাহ করা হয় ৩৫ কিলোমিটার দূরের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে। ব্রিটিশ আমলে স্থাপন করা বিদ্যুতের এ লাইন দিয়ে সরবরাহ কাজ আর আগের মতো চলছে না। ফলে জেলা সদর বা এর আশপাশে একটু ঝড়বৃষ্টি হলেই ৩৩ কেভির এ লাইনটি বন্ধ হয়ে যায়।
এ নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সংশ্লিষ্ট বিভাগে চিঠি চালাচালি করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।
স্থানীয়দের ভাষ্য, এ জেলার বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিশাল অবদান রাখছে। অথচ তাঁরাই বিদ্যুৎ সমস্যায় আছেন একটি গ্রিড সাবস্টেশনের অভাবে। একটু বৃষ্টি নামলেই বিদ্যুৎ চলে যায়। গোটা শহর যেন আঁধারে ডোবে।
শহরের রাজনগর এলাকার হুমায়ুন আহমেদ ও পুরান মুন্সেফ এলাকার মুহিবুর রহমান বলেন, গত শুক্রবার ভোররাতে বিদ্যুৎ যায়, আসে শনিবার সকাল নয়টার দিকে। শনিবার দিনভর বৃষ্টি ছিল। বেলা সোয়া তিনটার দিকে আবার বিদ্যুৎ চলে যায়। বিকেল সোয়া পাঁচটা নাগাদ এ প্রতিবেদন লেখা পর্যন্ত হবিগঞ্জ শহরে বিদ্যুৎ আসেনি। বৃষ্টির কারণে এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, আসে পরদিন বুধবার সকাল নয়টায়।
পিডিবির হবিগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, এ ভোগান্তি থেকে রেহাই পেতে হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগ জেলা সদরে ১৩২/৩৩ কেভির একটি গ্রিড সাবস্টেশন স্থাপনের প্রস্তাব করেছে। এটি স্থাপন হলে জাতীয় গ্রিড থেকে সরাসরি বিদ্যুৎ আসবে সাবস্টেশনে। তখন সদর থেকে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। সর্বশেষ গত ২২ মার্চ হবিগঞ্জ জেলা উন্নয়ন সভায় হবিগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রুস্তম আলী মহালদার এ গ্রিড সাবস্টেশনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘দেশের যেসব জেলায় বিদ্যুৎ উৎপাদন হয়, তার মধ্যে হবিগঞ্জ অন্যতম। এ জেলার বিদ্যুৎ জাতীয় গ্রিডে অবদান রাখছে। অথচ আমরাই বিদ্যুৎ সমস্যায় আছি গ্রিড সাবস্টেশনের অভাবে।’
বিদ্যুৎ নিয়ে কাজ করা একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যে গ্রিড সাবস্টেশনের দাবি উঠেছে তা বড় ধরনের কোনো প্রকল্প নয়। এ ধরনের সাবস্টেশন দেশে উপজেলা পর্যায়ে অনেক রয়েছে। এখানে তা বাস্তবায়নে রাজনৈতিক সুপারিশের প্রয়োজন। সুপারিশ না থাকায় এ কাজটি এগোচ্ছে না।
হবিগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করলে নির্বাহী প্রকৌশলী রুস্তম আলী মহালদার প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ সমস্যা কাটিয়ে উঠতে হলে জেলা সদরে একটি ১৩২/৩৩ কেভির লাইনের গ্রিড সাবস্টেশন প্রয়োজন। কারণ জেলা সদরে যে ৩৩ কেভির লাইনে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, তা উপযুক্ত নয়। এ গ্রিড সাবস্টেশন থেকে সরাসরি সবগুলো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।