হবিগঞ্জে বিদ্যুতের ভোল্টেজে ওঠানামা
হবিগঞ্জ শহরে কয়েক দিন ধরে বিদ্যুতের ভোল্টেজ ব্যাপকভাবে ওঠানামা করছে। একই সঙ্গে ঘণ্টায় পাঁচ-ছয়বার করে বিদ্যুৎ যাওয়া-আসা করছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত বুধবার বেলা দেড়টায় টানা সাত থেকে আট মিনিট ভোল্টেজ উঠানামা করে। আবার সোয়া দুইটার পর বেশ কয়েকবার বিদ্যুৎ যাওয়া-আসা করে। আগের দিন মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত অনেকবার বিদ্যুৎ যাওয়া-আসা করে।শহরের গানিংপার্ক এলাকার মামুন ভূঁইয়া জানান, ‘বিদ্যুৎ যাওয়া-আসা ও লো-ভোল্টেজের কারণে আমার বাসার ফ্রিজ ও টিভি নষ্ট হয়ে গেছে।’ একই অভিযোগ করেন শহরের পুরান মুন্সেফ এলাকার গৃহিণী মমতাজ আরা খাতুন ও এক গৃহকর্তা পরিমল দাস।শহরের বাণিজ্যিক এলাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জানান, বিদ্যুতের সমস্যার কারণে অনলাইন ব্যাংকিং বাধাগ্রস্ত হচ্ছে।হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু-তিন দিন ধরে শহরে চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে হিমশিম খেতে হচ্ছে।