হবিগঞ্জে বিদ্যুৎ বিল জমা দিতে গিয়ে বিপাকে গ্রাহকেরা
হবিগঞ্জের নির্ধারিত ব্যাংকগুলোতে বিদ্যুৎ বিল জমা দিতে গিয়ে গ্রাহকেরা বিপাকে পড়ছেন। ব্যাংক কর্মকর্তারা বিল গ্রহণ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ গ্রাহক সুষেন্দ্র পাল জানান, গতকাল বুধবার তিনি বিদ্যুৎ বিল জমা দিতে পূবালী ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখায় যান। কাউন্টার থেকে বলা হয় বিল গ্রামীণফোনে জমা দেওয়ার জন্য। পরে তিনি বিল দিতে অগ্রণী ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখায় যান। সেখান থেকেও একই কথা বলা হয়। শেষে তিনি গ্রামীণফোনের মাধ্যমে বিল পাঠাতে চাইলে অপারেটর জানান, এখানে বকেয়া বিল দেওয়া যায় না। সুষেন্দ্র পালের মতো অনেক বিদ্যুৎ গ্রাহক সমস্যায় পড়ছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হবিগঞ্জ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী চৌধুরী আবু ওবায়েদ জানান, নির্ধারিত ব্যাংক বিদ্যুৎ বিল নিতে বাধ্য। পূবালী ব্যাংক হবিগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, তাঁদের প্রধান কার্যালয় থেকে বিল আদায়ের জন্য যে লোক দিয়েছিল সেই লোক ফিরিয়ে নেওয়া হয়েছে।